ঝিনাইদহে এএসআই মোঃ দলিল উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ও হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে শরাফত হোসেন (৬৮) নিজ বাড়িতে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ জন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, ঝিনাইদহ পুলিশ লাইনের সশস্ত্র শাখার এএসআই মোঃ দলিল উদ্দিন করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধিন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। তার বাড়ি যশোরে।
ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, শরফত হোসেন করোনা উপসর্গ নিয়ে সোমবার রাতে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মোতাবেক মঙ্গলবার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে ঝিনাইদহ জেলায় নতুন করে আরো ২১জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৪৯ জন।
সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে শৈলকুপা উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, হরিণাকুন্ডু উপজেলায় ৫ জন, কোটচাঁদপুর উপজেলায় ২ জন ও মহেশপুর উপজেলায় ২ জন রয়েছে।
ঝিনাইদহে করোনা প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন, মানুষ স্বাস্থ্য বিধি মানছে না। এমনকি মাস্ক পর্যন্ত ব্যবহার করছে না। হাট বাজারগুলোতে আগের মত ভিড় করে লোকে কেনাকাটা করছে। তাদের সামাজিক দূরত্বের বালাই নেই। এ কারণে জেলায় করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে।
ইত্তেফাক/আরকেজি