সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে দুই শ্রমিক নিহত হন সোমবার বিকালে। চিকাডহর গ্রামের রহিম গংদের গর্তে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে টাস্কফোর্স অবৈধ পাথর উত্তোলন বন্ধে পৃথক একটি অভিযান চালাতে গেলে শ্রমিকরা হামলা চালিয়ে টাস্কফোর্সের ১৫ সদস্যকে আহত করেছে।
স্থানীয়রা জানান, ঝূঁকিপূর্ণভাবে শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। বিকাল ৩টার দিকে হঠাৎ গর্ত ধসে দুই শ্রমিক চাপা পড়ে মারা যান। নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনুয়ার হোসেনের ছেলে সোনা মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, 'লাশ উদ্ধারের চেষ্টা চলছে।'
অন্যদিকে একই সময় কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাথরখেকোদের হামলার শিকার হয় টাস্কফোর্স। সোমবার বিকাল ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে টাস্কফোর্সের অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুজনের অবস্থা গুরুতর।
আহতদের মধ্যে বিজিবি সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মচারীরা রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, 'অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে সোমবার বেলা ১টা থেকে টাস্কফোর্স অভিযান শুরু করে। অভিযানের শেষ পর্যায়ে পাথরখেকোদের সংঘবদ্ধ একটি চক্র টাস্কফোর্সের ওপর হামলা চালায়। এতে টাস্কফোর্সের ১৫ জন আহত হন। এরমধ্যে বিজিবি সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আমাদের কর্মচারীরা রয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।'
আরও পড়ুনঃ সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
ইউএনও বলেন, 'যারা অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত, তারাই হামলা করেছে। হামলাকারীদের বিস্তারিত পরিচয় সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
ইত্তেফাক/নূহু