স্পোর্টস রিপোর্টার
প্রথম ম্যাচের দিন, মানে শনিবার সকালেই ঢাকায় চলে এসেছিলেন ক্রিস গেইল। ধারণা করা হয়েছিল, বিমান ভ্রমণের ধকল সামলাতেই সেদিন চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামেননি তিনি। তবে, সর্বশেষ গত রবিবারও যখন খুলনা ভাইকিংসের বিপক্ষে মাঠে নামলেন না তখন জানা গেল- ‘আসল’ কারণটা। ব্যাপার হলো, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) থেকে এনওসি বা অনাপত্তিপত্র না থাকাতেই রংপুর রাইডার্সের এই ব্যাটিং দানবের মাঠে নামতে বিলম্ব হচ্ছে।
বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ম্যাচ শুরুর আগে ওর এনওসি আমরা পায়নি। তাই খুলনা টাইটান্সের বিপক্ষে ওকে খেলানোর অনুমতি দেওয়া যায়নি।’
যদিও, খুলনা টাইটানসের বিপক্ষে রংপুরের ম্যাচটি চলার সময়ই চলে এসেছে গেইলের অনাপত্তিপত্র। রংপুর তাই পরের ম্যাচেই আজ মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চলতি বিপিএলে প্রথমবারের মতো মাঠে নামবেন টি-টোয়েন্টির এই ফেরিওয়ালা।
জানিয়ে রাখা ভালো, গত আসরে রংপুর রাইডার্সের শিরোপা জয়ের শেষ দিকে সবচেয়ে বড় অবদান ছিল গেইলের। এবারও তাকে ধরে রেখেছে দলটি।