চাকরি গেল থাই কোচের
স্পোর্টস ডেস্ক
ভারতের কাছে ৪-১ গোলে হারের পর থাইল্যান্ড তাদের ফুটবল কোচ মিলোভান রাজেভ্যাচকে বরখাস্ত করেছে। অপর দিকে, জয়ের পরও উচ্ছ্বাসে ভেসে না গিয়ে পরের দুই খেলায় মনোযোগী ভারতের কোচ স্টিভেন কনস্টানন্টাইন।
এশিয়া কাপে নিজেদের প্রথম খেলাতে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে ফুটবলামোদীদের তাক লাগিয়ে দেয় ভারত। সুনীল ছেত্রি একাই করেন দুই গোল। গোলদুটির সুবাদে তিনি আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। সবার উপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে গত রবিবার অনুষ্ঠিত খেলাটিতে অপর দুই গোল করেন অনিরুধ থাপা ও জেজে লালপেখলুয়া। জয়ের পরই কোচ স্টিভেন বলেন, ‘থাইল্যান্ডকে ৪-১ গোলে হারালেও আবেগে ভেসে যেতে চাই না। নকআউট পর্বে যেতে আরো দুই পয়েন্ট চাই।’
সার্বিয়ান মিলোভান ২০১৭ সালের এপ্রিলে থাই দলের কোচ নিযুক্ত হন। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য তার মেয়াদ বাড়িয়েছিল ফুটবল এসোসিয়েশন অব থাইল্যান্ড। তবে জাতীয় দলের দায়িত্বে তার সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না থাকাও বরখাস্তের অন্যতম কারণ। এ ছাড়াও এশিয়া কাপে ১২ বছর পর আবার খেলতে এসে প্রথম খেলাতেই ভারতের কাছে হার মেনে নিতে পারেনি থাই সমর্থকরা।
ছেত্রি ২৭ মিনিটে পেনাল্টিতে ভারতকে এগিয়ে দিলেও থাইল্যান্ড ৩৩ মিনিটে সমতা ফিরিয়েছিল। বিরতির আগে আর কোনো গোল হয়নি। এরপর বাকি তিন গোল দিয়ে ভারতীয় দল এশিয়া কাপে ৫৫ বছরের মধ্যে প্রথম জয় পায়। এটি আবার ভারতীয় দলের এ যাবত্কালের হিসেবে সবচাইতে বড় জয়। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ৮৫ গোল আছে রোনালদোর। ৬৫ গোল নিয়ে তার পেছনে ছিলেন মেসি। এখন ৬৭ গোলের সুবাদে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারত অধিনায়ক। চতুর্থ স্থানে আছেন নেইমার (৬০)। এ দিকে, গত রবিবারের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও হেরেছে। জর্ডান তাদের বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হয়। গোলডটকম।