স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদের হার আর অ্যাটলেটিকো মাদ্রিদ-সেভিয়া ম্যাচ ড্র হওয়ায় শিরোপাধারী বার্সেলোনার সুযোগ ছিলো গেতাফের বিপক্ষে জিতে লা লিগার পয়েন্ট তালিকায় আরেকটু সুরক্ষিত স্থানে চলে যাওয়ার। রবিবার রাতে গেতাফের মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় নিয়ে তাই করেছে লিওনেল মেসির দল। দিনের শুরুতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ সেভিয়ার সঙ্গে ড্র করে আর রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের কাছে হারে ২-০ গোলে।
মৌসুমজুড়েই দারুণ ছন্দে থাকা অধিনায়ক লিওনেল মেসির দুরূহ কোণ থেকে করা এক গোলে ম্যাচের ২০তম মিনিটেই এগিয়ে যায় সফরকারী বার্সেলোনা। ৩৯ মিনিটে মেসিরই এক ফ্রি কিক বিপদমুক্ত করতে ব্যর্থ হয় গেতাফে রক্ষণভাগ, বক্সের বাইরে বল পেয়ে দারুণ এক ভলিতে গোল করেন লুই সুয়ারেজ। বিরতির আগে গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনেছিলো স্বাগতিক দল। এরপর দ্বিতীয়ার্ধে গোলের আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও ফরোয়ার্ডদের ব্যর্থতা আর গোলরক্ষকদের বীরত্বে গোল যোগ হয়নি কোনো দলের খাতাতেই। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ের ফলে ১৮ ম্যাচ থেকে ১২টি জয় এবং চারটি ড্রয়ে থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষেই রইল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে আছে তারা।
ম্যাচটিতে সপ্তম স্থানে থাকা গেতাফের চেয়েও বার্সেলোনার বড় প্রতিপক্ষ ছিলো সাম্প্রতিক ইতিহাস। শেষ চার বছরে বছরের প্রথম ম্যাচটি জিততে ব্যর্থ হয়েছিলো কাতালানরা। এমন ম্যাচে জয়ের পর দলের কোচ আর্নেস্তো ভালভার্দে বলেন, ‘এটা কঠিন এক ম্যাচ ছিলো, তবে আমরা সেটা আগে থেকেই জানতাম। আমরা ভালোভাবেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছি এবং আমাদের পেছনে থাকা দলগুলোর চেয়ে বেশি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের জন্য মনোযোগ রক্ষা করাটা কঠিনই ছিলো। গেতাফে কঠিন প্রতিপক্ষ এবং আমাদের যথেষ্ট চাপে রেখেছিলো। ম্যাচে তারাও অনেকগুলো সুযোগ তৈরি করেছিলো এবং তা আমাদেরকে স্বীকার করতেই হবে।’
প্রতিযোগিতার অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েছিলো স্বাগতিক সেভিয়াই। ৩৭ মিনিটে গোলটি করেন উইসাম বেন ইয়েদের। ৪৩ মিনিটে তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর সমতাসূচক গোলটি করেন অ্যান্টোনিও গ্রিজম্যান। এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচ থেকে নয়টি জয় এবং আটটি ড্র করে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়েই রইলো কোচ দিয়েগো সিমিওনের দল। অন্যদিকে একই সংখ্যক ম্যাচে তৃতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৩৩ পয়েন্ট।
বছরের শুরুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করার পরের ম্যাচটি হেরেই গেলো রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের তৃতীয় মিনিটে রিয়াল সোসিয়েদাদ খেলোয়াড়কে বক্সে ফাউল করে বসেন রিয়াল খেলোয়াড় ক্যাসেমিরো। পেনাল্টি থেকে গোল করে সফরকারীদের এগিয়ে দেন ফরোয়ার্ড সান হোসে। ৮২ মিনিটে হোসেরই ক্রস থেকে রুবেন পার্দো গোল করলে ১৫ বছর পর ঘরের মাঠে সোসিয়েদাদের কাছে হারের বিস্বাদ গ্রহণ করে রিয়াল। চলতি লিগে এটি তাদের ষষ্ঠ হার। এই পরাজয় শিরোপার দৌড় থেকে আরেকটু দূরে ঠেলে দিয়েছে কোচ সান্তিয়াগো সোলারির দলকে। এই হারের ফলে শীর্ষে জেঁকে বসা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো দশে।