স্পোর্টস ডেস্ক
ছুটি থেকে ফিরেই পিএসজিকে অনায়াস জয় এনে দিলেন নেইমার। তার এক গোল এবং একটি যোগানে ভর করে ফ্রেঞ্চ কাপে পঁতিভির বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে প্রতিযোগিতার নবম রাউন্ডের ম্যাচে পঁতিভির মুখোমুখি হয় পিএসজি। প্রতিপক্ষ তুলনামূলকভাবে অনেক দুর্বল হলেও লম্বা বিরতির পর শক্তিশালী দল নিয়েই খেলতে মাঠে নেমেছিলেন পিএসজি কোচ থমাস টুখেল। ম্যাচের ২৪তম মিনিটে স্বাগতিক পঁতিভির ফরাসি মিডফিল্ডার সিলভার আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি।
৭০তম মিনিটে মুসা দিয়াবির পাস ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন দলের সবচেয়ে দামী খেলোয়াড় নেইমার। ৭৭তম মিনিটে বক্সে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এমবাপে। ৮৭ মিনিটে নেইমারের বাড়ানো বল খুঁজে পায় জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্র্যাক্সলারকে। সেখান থেকে পঁতিভির কফিনে শেষ পেরেকটি মারতে ভুল করেননি তিনি। ৪-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।
পঞ্চম সারির দল পঁভিতির বিপক্ষে প্রত্যাশিত জয়টি পাওয়ার পর কোচ টুখেল জানান, ‘আমি এমনই একটা ম্যাচ আশা করছিলাম। যদি আপনি গুরুত্ব সহকারে খেলেন তবে পঞ্চম সারির দলের পক্ষে আমাদের হারানো সম্ভব নয়। এটাই আমার দল করেছে।’
টুখেল আরও বলেন, ‘আমরা খুবই তীব্র এবং গুরুত্ব দিয়ে দুটি অনুশীলন পর্ব সেরেছি। তাই ম্যাচের আগে আত্মবিশ্বাসীই ছিলাম আমি।’
বড় জয় পেলেও প্রথমার্ধে এক গোলের অগ্রগামিতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল পিএসজিকে। টুখেল জানান প্রতিপক্ষ বেশ সুসংগঠিত হওয়াতেই এমনটা হয়েছে। পিএসজি কোচের ভাষায়, ‘এটা সহজ ছিল না মোটেও কেননা প্রতিপক্ষ বেশ সুসংগঠিত ছিল এবং আমরাও সহজভাবে কিছু বল হারিয়েছি। চূড়ান্ত পাসগুলো নিখুঁত হচ্ছিল না আমাদের, যার ফলে প্রথমার্ধে দুই কিংবা তিন গোল করা সম্ভব হয়নি।’
এর চেয়েও ভালো খেলার যোগ্যতা আছে পিএসজির কিন্তু টুখেলের মতে এই ম্যাচে এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন ছিল না তার শিষ্যদের। তিনি বলেন, ‘আমরা আরও ভালো খেলতে পারি কিন্তু এর প্রয়োজন ছিল না আজ, আর তাই আমি মনে করি নতুন বছরটা ভালোভাবেই শুরু হয়েছে আমাদের।’