ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল- নেকমরদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তামিম (২৫)নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় মহাসড়কে খুটিয়াটলি নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেল আরোহী তামিম (২৫) হরিপুর উপজেলার বরুয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি রানীশংকৈল থেকে নেকমরদ যাওয়ার পথে খুটিয়াটলী নামক স্থানে খড়ি ভর্তি একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে অপর দিক থেকে আসা একটি ট্রাকের (ট- ২২-২৫৩৩) সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তামিমকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দিনাজপুর নিয়ে যাওয়ার পথে তামিম মারা যান।
বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার এস আই শফিউল আলম জানান, ট্রাক আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/এমআরএম