রাজশাহীর গোদাগাড়ীতে সুমা খাতুন (১৫) নামের এক মাদ্রসাছাত্রীর ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার মুখ ও হাত ঝলসে গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের বড় বাউটিয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুমা ওই গ্রামের সেলিম রেজার মেয়ে। সে বাউটিয়া ইসলামিয়া মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে চাচির সাথে টেলিভিশন দেখছিলেন সুমা। সে সময় বাড়ির পাশ দিয়ে যাওয়া দুর্বৃত্তরা জানালা দিয়ে এসিড ছুড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
আরও পড়ুন: নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে পানি সম্পদ উপমন্ত্রীর ত্রাণ বিতরণ
সুমার বরাতে বাবা সালাহ উদ্দিন খান বলেন, ‘এসিডে ঝলসে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সুমা। সে এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আমি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তবে গত কয়েকদিন থেকে একটি অপরিচিত ফোন নাম্বার থেকে বিরক্ত করছিল।’
কর্তব্যরত চিকিৎসক জানান, মেয়েটির চোখের নিচ থেকে মুখের অংশ ঝলসে গেছে। তা ছাড়া তার বা হাতটিও পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না পেলেও এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।’
ইত্তেফাক/এএএম