১৬ আগস্ট থেকে পশ্চিমাঞ্চলের আরও ৬টি ট্রেন চালু

করোনা (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘ ১৪৩ দিন বন্ধ থাকার পর ছয়টি আন্তঃনগর ট্রেন পুনরায় চালু হতে যাচ্ছে। আগামী শনিবার (১৬ আগস্ট) থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়ের আওতাধীন থাকা এই ট্রেনগুলো চালু করা হবে। অনলাইনেই এসব ট্রেনের টিকিট কাটতে হবে। 

বুধবার (১২ আগস্ট) দুপুরে রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। চালু হতে যাওয়া ছয়টি ট্রেন হলো-রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস, খুলনা-ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটের একতা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটের তিতুমীর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি-খুলনা রুটের সীমান্ত এক্সপ্রেস এবং গোপালগঞ্জের গোবরা-রাজশাহী-গোবরা রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস।

আরও পড়ুন: জানালা দিয়ে ছোড়া এসিডে ঝলসে গেল মাদরাসাছাত্রী

প্রসঙ্গত, করোনা মহামারি প্রতিরোধে গত ২৫ মার্চ পাকশী বিভাগীয় রেলওয়ের সব আন্তনগর, মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরবর্তী সময়ে ১৫ জুন সাধারণ ছুটি প্রত্যাহারের পর ৩০ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু করে। প্রথম দফায় গত ৩১ মে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বনলতা এক্সপ্রেস, লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট রুটে লালমনি এক্সপ্রেস এবং ঢাকা-খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস চালু হয়।

ইত্তেফাক/এএএম