হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামের বড়আন বিলে মাছ ধরার ঐতিহ্যবাহী পলো বাইচ সোমবার অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন মাছ ধরতে পলো নিয়ে বিলে হাজির হন। সৌখিন মত্স্য শিকারিদের সঙ্গে ছিল পলো, ফারজাল ও ছিটকি জালের সমারোহ। তবে এ বছর পানি বেশি থাকায় আশানুরূপ মাছ ধরতে পারেননি শিকারিরা। প্রতিবছর শীত মৌসুমে হাওরের পানি কমতে শুরু করলে বানিয়াচং উপজেলার আতুকুড়া, সুবিদপুর, মিঠাপুর, দরওয়া, মেওতুল, নাগুরাসহ আশপাশের গ্রামের মুরুব্বীয়ানদের পরামর্শক্রমে পলো দিয়ে মাছ শিকারের তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত দিনে কয়েক হাজার লোক পলো, জাল, দড়িসহ মাছ শিকারের বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধ হয়ে বিলে হাজির হন। মাছ শিকার উত্সব উপলক্ষে আশপাশের গ্রামগুলোতেও থাকে উত্সবমুখর পরিবেশ —ইত্তেফাক