অল্পের জন্য রক্ষা পেলো পাঁচ যাত্রীর জীবন
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে পূর্বধলার জালশুকা নামক স্থানে ফিলিং স্টেশনের সন্নিকটে গত রবিবার ভোররাতে একটি চলন্ত মাইক্রোবাসের ইঞ্জিনে হঠাত্ অগ্নিকাণ্ডে মাইক্রোবাসটি সম্পূর্ণ ভস্মীভূত হলেও অল্পের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন চালক ও দুই নারীসহ পাঁচযাত্রী।
মাইক্রো চালক মাহবুব আলম জানান, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে দুই নারীসহ পাঁচজন যাত্রী নিয়ে তার মাইক্রোবাসটি নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেয়। রাত সাড়ে তিনটার দিকে প্রচণ্ড কুয়াশার মধ্যে মাইক্রোবাসটি পূর্বধলার শ্যামগঞ্জ বাজারের আধাকিলোমিটার পশ্চিমে ফিলিং স্টেশন অতিক্রম করার পর পরই হঠাত্ গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। চালক গাড়ি থামিয়ে যাত্রীদেরকে দ্রুত নামিয়ে ফেলে। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় মাইক্রোবাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ব্যাপারে মাইক্রোবাসের চালক মোঃ মাহবুব আলম জানান, ৬ জানুয়ারি পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি দায়ের করেছেন। মাইক্রোবাসের মালিক নেত্রকোনা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলিম আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি তার মাইক্রোবাসটি আগুনে পুড়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, কি কারণে গাড়ির ইঞ্জিনে আগুন লেগে মুহূর্তে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেল তা খতিয়ে দেখতে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডটি স্যাবোটাজও হতে পারে বলে তিনি মনে করেন।