কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ইউএনও হিসেবে যোগ দেওয়ার ৫ দিনের মাথায় করোনাভাইরাসে আক্রান্ত হন।

গত ৫ আগস্ট কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন রথীন্দ্র নাথ রায়। যোগদানের পরই  তিনি বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করেন। এছাড়া বিভিন্ন এলাকায় গিয়ে করোনা সংক্রমণরোধে সচেতনতামূলক কাজ শুরু করেন। এরপর থেকেই তিনি অসুস্থতা বোধ করতে থাকেন।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. কায়ূম তালুকদার বলেন, গত ৯ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। মঙ্গলবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে কাশিয়ানীতে তার বাসভবনে আইসোলেশনে  চিকিৎসা নিচ্ছেন। আমরা সব সময় তার খোঁজ খবর রাখছি ও চিকিৎসা সহ অন্যান্য পরামর্শ দিচ্ছি।

ইত্তেফাক/এমআরএম