টাকা হচ্ছে মূল্যমান। মানুষের প্রয়োজনীয় চাহিদার জন্য যা যা প্রয়োজন, তা সংগ্রহের জন্য বিনিময় মূল্য টাকা। মানে অনেক কিছুর বিনিময় মান একটাই বস্তু। যেখানে টাকা শুধুই মূল্যমান জাতীয় বস্তু। তা বহু হাত হয়ে বহু ব্যবহারে চলমান এই কাগজের মুদ্রার বয়স বাড়বে। কিছুটা উজ্জ্বলতা হারিয়ে ময়লা হবে। হাতবদল হতে হতে একটু আধটু ছেঁড়াফাটায় পরিণত হবে এটাই স্বাভাবিক। আমরা টাকাকে মূল্যমান হিসেবে ব্যবহার করি। আমাদের ব্যবহারের ফলে ত্রুটিপূর্ণ টাকা অচল নয় বা অচল হবে কেন? আমরা বাহকরা যদি আদানপ্রদানে সহনশীল হই। এগুলো সচল কি অচল তা তো আমাদেরই হাতে। ক্রেতা-বিক্রেতা এইসব ত্রুটি মেনে নিলেই হয়। কিন্তু ঘটছে তার বিপরীত। সামান্য ত্রুটিপূর্ণ টাকাকে অচল আখ্যা দিয়ে কেউ কেউ বিব্রতকর ও বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে। এগুলোও একধরনের হয়রানি। একটু কোনা পোড়া বা বিন্দু পোড়া টাকা হলে তো কথাই নেই। যেন সেই টাকা অপবিত্র হয়ে গেছে। কেউ নিতেই চায় না। পোড়া টাকা নিয়ে ভুল ধারণা প্রচলিত। পোড়া টাকা অচল—এটা শুধুই অপপ্রচার। এটা সত্য নয় আইনসিদ্ধও নয়। টাকা নিয়ে ভুল তথ্য ভুল সিদ্ধান্ত ভুলে ভরা আদানপ্রদান নীতি বিষয়ে পরিষ্কার ধারণা প্রদানের জন্য, টাকার বাহকদের উদ্দেশে গণসচেতনতামূলক প্রচারণার জন্য, এসব ত্রুটিতে টাকার মূল্যমান হারায় না—বিজ্ঞাপনমূলক সোগান প্রচারের জন্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি।
মির্জা আবু হেনা কায়সার টিপু, উত্তরা, ঢাকা