একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর। কিন্তু এখনো নির্বাচনী পোস্টার-ব্যানার সরানো হয়নি। আর এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও দোকানে এলোমেলো পোস্টার-ব্যানার নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।
সোমবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের ব্যানার-পোস্টারে রাস্তা, অলিগলি, দোকান, স্কুল ও কলেজের সামনে ঝুলছে নির্বাচনী ব্যানার। ব্যানার-পোস্টারে এখনো ছেয়ে আছে বেশির ভাগ এলাকা। নির্বাচন শেষ হওয়ার পরও উপজেলা যেন পোস্টারের নগরী। আবার কোথাও পোস্টার ছিঁড়ে গেছে, শুধু রশি ঝুলে আছে। আবার কোথাও পোস্টার মাটিতে পড়ে আছে। ফলে যান চলাচলে সমস্যা হচ্ছে।
জানা গেছে, নির্বাচনের প্রচার সামগ্রী অপসারণের জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এ নিয়ে অনেক এলাকায় কাজও শুরু হয়েছে। কিন্তু এ উপজেলা এখনও ছেয়ে আছে পোস্টারে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, ২ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন থেকে নিষেধাজ্ঞা ছিল। তবে এখন আর নিষেধাজ্ঞা নেই, যে কেউ ব্যানার পোস্টার সরিয়ে ফেলতে পারেন। নির্বাচনের পর অংশগ্রহণকারী প্রার্থীদেরই নিজ দায়িত্বে এসব পোস্টার সরিয়ে ফেলার কথা। তবে জনগণের চলাচলের ক্ষতি হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দায়িত্ব দিয়ে এসব পোস্টার ও ব্যানার অপসারণ করা যেতে পারে।