কেন্দুয়ায় সরকারি ঘর পেয়ে খুশি ২৯৮ পরিবার

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের ২৯৮টি গৃহহারা হতদরিদ্র পরিবার সরকারি ঘর পেয়েছেন। গৃহহারা ওইসব পরিবারের সদস্যরা সরকারি ঘর পেয়ে প্রত্যেকেই পুলকিত।

তবে এলাকার সচেতন মহলের লোকজন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, উপজেলায় এ রকম আরো অনেক গৃহহারা পরিবার রয়েছে। ধারাবাহিকভাবে গৃহহারা প্রত্যেকটি পরিবারকেই ঘর করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এ গৃহ নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। ওই কমিটির সভাপতি হলেন, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হলেন সদস্য সচিব। 

গৃহ নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও কেন্দুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে কেন্দুয়া উপজেলায় ‘জমি আছে ঘর নেই’ এমন ২৯৮টি পরিবারকে প্রতি ঘরের বরাদ্দ এক লাখ টাকা হিসেবে ঘর নির্মাণ করে দেওয়ার অর্থ বরাদ্দ প্রদান করা হয়। আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে প্রত্যেকটি গৃহহারা পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছি। নতুন ঘর পেয়ে আনন্দিত ওইসব পরিবারের লোকজন।

এ ব্যাপারে গৃহ নির্মাণ বাস্তবায়ন কমিটির সভাপতি ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হলো একটি পরিবারও গৃহহীন থাকবে না। আর এরই ধারাবাহিকতায় কেন্দুয়া উপজেলায় ২৯৮টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।