ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
চলতি রবি ও খরিপ-১ মৌসুমে দেশের সর্ববৃহত্ তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প সেচ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী ১৫ জানুয়ারি সেচ প্রকল্পটির কমান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে সেচ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানা গেছে। তিন জেলা নীলফামারী, রংপুর ও দিনাজপুরে ২৯ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল বারী জানান, চলতি রবি ও খরিপ-১ মৌসুমে তিস্তা ব্যারেজ থেকে আগামী ১৫ জানুয়ারি হতে আনুষ্ঠানিকভাবে সেচ প্রদান কার্যক্রম শুরু করা হবে। সেচ প্রদানের কমান্ড এলাকা তৈরি রয়েছে ৭৯ হাজার হেক্টর। উজানের পানি প্রাপ্তির উপর নির্ভর করবে আমরা কত এলাকায় সেচ দিতে পারবো।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, তিস্তায় এবার উজানের জোয়ার ভালোই রয়েছে। এই জোয়ার অব্যাহত থাকলে আমরা টার্গেটের বেশি জমিতে সেচ দিতে পরবো।