মেয়েকে উত্ত্যক্তের প্রতিকার চাইতে গিয়ে বাবা ও চাচা আহত

উত্ত্যক্তকারীর দণ্ড

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিকার চাইতে গিয়ে উত্ত্যক্তকারীর হামলায় বাবা মোঃ আঃ মালেক রতন ও চাচা মোঃ মাইনউদ্দিন আহত হয়েছেন। এদিকে সোমবার উত্ত্যক্তকারী রিপন মিয়াকে একবছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে তাকে কটিয়াদী থানা পুলিশ গ্রেফতার করে। হাসপাতালে চিকিত্সাধীন মোঃ আঃ মালেক রতন জানান, আমার মেয়ে কটিয়াদী উপজেলা সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে এমনকি বাড়িতে এসেও উত্ত্যক্ত করতো রিপন। শনিবার সন্ধ্যায় ছোটভাই মাইনউদ্দিনকে নিয়ে রিপনের বাবা আঃ হামিদের কাছে প্রতিকার চাইতে গেলে রিপন ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন জানান, অভিযুক্ত রিপনকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়া চারিপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উত্ত্যক্তকারী রিপন মিয়াকে একবছরের কারাদণ্ড দিয়ে তাকে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠিয়েছেন।