ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন।
গত বৃহস্পতিবার বিকালে হামলার ঘটনায় পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে শুক্রবার সকাল ১০টায় মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব তাজওয়ার রহমান খান জানান, গত বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের ডা. ওসমান গনি ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রসংসদের সাহিত্য বিভাগের সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। বর্তমানে তারা নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
উল্লেখ করা যেতে পারে, গত বৃহস্পতিবার বিকালে চট্টেশ্বরী রোডের চমেক ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ছাত্রদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ ছাত্রাবাসে মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইন্টার্ন চিকিৎসক ছাড়া কোনো ছাত্র ছাত্রাবাসে থাকতে পারবে না জানিয়ে কর্তৃপক্ষে দেয়া সিদ্ধান্তে ছাত্ররা হল ত্যাগ করেন।
ইত্তেফাক/ইউবি