গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে নিলা আক্তার নামের এক যৌনকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় পল্লির বাড়িওয়ালী চম্পা বেগমের ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সোমবার ময়না তদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পল্লির বাড়িওয়ালী চম্পা বেগম বাদী হয়ে ঘাতক দলে থাকা অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, একদল দুর্বৃত্ত যৌনকর্মী নিলা আক্তারকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডে জড়িত পলাতক পাঁচ যুবকের কারো পরিচয় পাওয়া যায়নি। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।