মেহেরপুর প্রতিনিধি
স্বাধীনতার সূতিকাগার মুজিবনগর মেহেরপুরে প্রথমবারের মত মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন ফরহাদ হোসেন দোদুল। তিনি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এদিকে ফরহাদ হোসেনের নাম ঘোষণার পরপরই শহরসহ মেহেরপুর-১ আসনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয়রা তাদের প্রতিক্রিয়ায় জানান, ইতিহাসের দায় মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার ৪৭ বছর পার হলেও ঐতিহাসিক মুজিবনগর বরাবরই ছিল উপেক্ষিত। এর মধ্যদিয়ে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের পথে একধাপ এগিয়ে গেল মেহেরপুরবাসী।
মরহুম ছহিউদ্দিনের আট ছেলে-মেয়ের মধ্যে দোদুল সপ্তম। মরহুম ছহিউদ্দিন ছিলেন ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য। ১৯৭৩ ও ১৯৮৬ সালে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। বাবার রাজনীতিক আদর্শ ধারণ করে ২০১৪ সালে দোদুল প্রথমবারের মত দলীয় মনোনয়ন পেয়েই সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন।
মেহেরপুর পৌর কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজা বলেন, ৪৭ বছরের দায় ছিল মন্ত্রিত্ব না দেওয়া মুুজিবনগরের প্রতি। অনেক দেরিতে হলেও সে দায় মোচন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।