বেনাপোল (যশোর) সংবাদদাতা
ভারতে পাচার হওয়া সাত কিশোরকে গতকাল সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ। পাচারের দেড় বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদেরকে এ দেশে পাঠানো হয়েছে বলে জানান ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
ফেরত আসা কিশোরদের মধ্যে রয়েছে— নড়াইলের শওকতের ছেলে রিয়াদ (৭), গোপালগঞ্জের শরিফুলের ছেলে হূদয় (৭), পাবনার চন্দ্র বিশ্বাসের ছেলে দ্বীপ (৮), খুলনার ওমর শিকদারের ছেলে রোমান শিকদার (৯), খুলনার দৌলতপুর গ্রামের মোশারফের ছেলে বাদল (৮), বাগেরহাটের রাসেল খানের ছেলে রাহাদ খান (৮) এবং ঢাকা মীরপুরের পীরেরবাগ এলাকার ইলিয়াসের ছেলে ফাতি (১১)।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানান, এ কিশোররা বিভিন্ন সময়ে ভালো কাজের প্রলোভনে ভারতে যায়। ভারতে যাওয়ার পর তারা আটক হয় বিএসএফ এর হাতে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায় ভারত।