সাদুল্লাপুরে গোলাগুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ

দুই পুলিশ সদস্য আহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলিতে সামিউল ইসলাম নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার সাদুল্লাপুর-তুলসীঘাট সড়কের ইদ্রাকপুর বাজার সংলগ্ন ইসবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হচ্ছেন সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন ও কনস্টেবল মোজাফ্ফর আহমেদ। 

গুলিবিদ্ধ সামিউল ইসলাম উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামের মৃত কবেজ উদ্দিনের ছেলে ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবীর জানান, সোমবার ভোর রাতে একদল ডাকাত রোড ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় ওত্ পেতে বসেছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গেলে ডাকাতরা পুলিশের গাড়ি উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে সামিউল ইসলাম নামে এক ডাকাত গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হয়। বাকি ডাকাতরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, পরে ডাকাত সদস্য সামিউল ইসলামকে উদ্ধার করে পুলিশ প্রহরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে ভর্তি করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি আরশেদুল হক জানান, গুলিবিদ্ধ ডাকাত সদস্যের নামে সাদুল্লাপুরসহ জেলার বিভিন্ন থানায় সাতটি ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।