লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহন-মঙ্গলসিকদার সড়কের দলিল উদ্দিন মাষ্টারের পোল ভেঙে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুই দিন পর ভোলা জেলা সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষ ভাঙা স্থানে স্টিলের পাত ও খোয়া-বালি দিয়ে দায়সারা মেরামত করে তাত্ক্ষণিক পদক্ষেপ নিলেও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে পোলটি। স্টিলের পাত ও খোয়া-বালি সরে গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আছে এলাকাবাসী। এ ছাড়া এই সড়কে চলাচলকারী যানবাহনের শ্রমিক ও যাত্রীরা রয়েছেন ঝুঁকিতে।
ভোলার জেলা পরিষদ সদস্য মাকসুদুর রহমান হাওলাদার বলেন, আমার বাড়ি ওই এলাকায়। প্রায় এক যুগ ধরে ভাঙা পোলটির উপরে স্টিলের পাত দিয়ে জোড়া তালি দেওয়া। ঝুঁকি নিয়ে এ পোলটি দিয়ে পারাপার হয় যানবাহন। কিন্তু সড়ক ও জনপদ বিভাগ স্থায়ী কোনো সমাধান করছে না। এতে ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ।
এ ব্যাপারে ভোলা সড়ক ও জনপদ (সওজ) এর উপ সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, যত দ্রুত সম্ভব সেখানে একটি নতুন পোল নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।