সংবাদ সংক্ষেপ

নেত্রকোনার দুই মুক্তিযোদ্ধাকে মন্ত্রী নিয়োগ দেওয়ায়

প্রধানমন্ত্রীর প্রতি মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতা

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা থেকে দুইজন মুক্তিযোদ্ধাকে  মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেত্রকোনা জেলার মুক্তিযোদ্ধাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল সোমবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমীন বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসাবে মুক্তিযোদ্ধা মোস্তফা জব্বারকে  একজন পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আশরাফ আলী খান খসরুকে  মত্স্য প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়ায় নেত্রকোনার মুক্তিযোদ্ধাগণ গর্বিত। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, উপজেলা কমান্ডার আইয়ূব আলী প্রমুখ।

হোসেনপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের

মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ঢেউটিন ও চেক বিতরণের আয়োজন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। গত ৩১ ডিসেম্বর গভীর রাতে উপজেলার জগদল বাজারে আগুনে পুড়ে যাওয়া ১১ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২২ বান্ডেল ঢেউটিন ও ৬৬ হাজার টাকার চেক বিতরণ  করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, জেলা দুর্যোগ ও ত্রাণ অফিসার মোকারম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার দিলীপ দে, ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান প্রমুখ।

নেত্রকোনায় প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন সমিতির উদ্যোগে বলাই নগুয়াস্থ সমিতির কার্যালয়ে শীতার্ত হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত রবিবার কম্বল বিতরণ করেন সমিতির নির্বাহী পরিচালক আব্দুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারেন্ডেন্ট মুজিবুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার সায়েদুর রহমান, অ্যাডভোকেট সুবোধ রঞ্জন সরকার, সমিতির ম্যানেজার সুনয় মজুমদার,  সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, মুজাহীদুল ইসলাম সবুজ।  

কসবা উপজেলা ছাত্রলীগের আনন্দ

মিছিল ও মিষ্টি বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা  গত রবিবার বিকেলে কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হককে পুনরায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত জনতা ও কসবা পুরাতন বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেনের নেতৃত্ব আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন গোপীনাথপুর আলহাজ শাহ আলম কলেজের অধ্যক্ষ মো. আকরাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. এমরাহান, সাবেক সাধারণ সম্পাদক  মো. এমদাদুল হক পলাশসহ দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন স্তরের লোকজন।

চরফ্যাশনে প্রবীণদের মাঝে পরিপোষক ভাতা বিতরণ

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়নের ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় প্রবীণদের মাঝে পরিপোষক ভাতা ও সহায়তা উপকরণ বিতরণ কার্যক্রম গতকাল  সোমবার উপজেলার ভুঁইয়ার হাট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রবীণ কর্মসূচির ওমরপুর ইউনিয়ন সভাপতি ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে দুই ইউনিয়নের ১৫০ জন প্রবীণকে মাসিক ৬০০ টাকা করে পরিপোষক ভাতা প্রদান এবং ২০০ দরিদ্র প্রবীণ জনগোষ্ঠীর মাঝে সহায়তা উপকরণ বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র প্রকল্প পরিচালক বাবু শঙ্কা দেবনাথ, আসলামপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্য মো. শাহজাহান, এনামুল হক মিয়া প্রমুখ। 

নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নীলফামারী প্রতিনিধি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নীলফামারী ইউনিটে ৫৬০টি কম্বল বিতরণ করেন নীলফামারী ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ, সনাকের সভাপতি সফিকুল আলম ডাবলু, ইউনিট কর্মকর্তা ফজলুল করিম, যুব প্রধান শাকিল হাসান চৌধুরী, ইফতেখার আহমেদ উদাস ও রোজী আক্তার। এ ছাড়াও, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম এলজিআরডি মন্ত্রী হওয়ায়

কুমিল্লায় আনন্দ ও মিষ্টি বিতরণ

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লা ৯ লাকসাম-মনোহরগঞ্জ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামকে নবগঠিত সরকারের এলজিআরডি মন্ত্রী করায় লাকসাম-মনোহরগঞ্জে দলীয় নেতা-কর্মীসহ আনন্দে উদ্বেলিত এলাকার সর্বস্তরের জনগণ। চলছে মিষ্টি বিতরণ। স্বাধীনতার পর এ আসন থেকে প্রথমবারের মতো মন্ত্রী হলেন তিনি। তাজুল ইসলামকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কুমিল্লা ৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের জনগণ। তাজুল ইসলাম ১৯৯৬ সালে প্রথমবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। মন্ত্রী  মোঃ তাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মাদারীপুরে কাব স্কাউটদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাদারীপুর প্রতিনিধি বাংলাদেশ স্কাউট মাদারীপুর জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার জেলার কাব স্কাউটদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্কাউটের সহ-সভাপতি চৌধুরী নুরুল আলম বাবু। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক ইমরান আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার, জেলা কাব লিডার মেজবাহুর রহমান, সহ-সভাপতি শাহজাহান খান, যুগ্ম-সম্পাদক আলহাজ হাবিবুর রহমান চুন্নু প্রমুখ।

স্বাধীনতার পর প্রথম প্রতিমন্ত্রী পেল ফুলপুর-তারাকান্দাবাসী

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সংস্য শরীফ আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। শরীফ আহমেদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ঘোষণার পর থেকে বাঁধভাঙা আনন্দ উল্লাসে ভাসছে ফুলপুর-তারাকান্দাবাসী। এজন্য এলাকার সবাইকে অভিবাদন জানান তিন। ময়মনসিংহ-২ আসনের ভোটাররা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীফ আহমেদকে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করেন। স্বাধীনতার পর এই প্রথম এ নির্বাচনী এলাকার ভোটাররা মন্ত্রিত্ব উপহার পেলেন। মন্ত্রী হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ ও  সর্বত্র আনন্দ উল্লাস শুরু হয়।

 

 

০