কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে পুকুরে ডুবে যাওয়া ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে সলিল সমাধি হয়েছে বড় বোনের। শুক্রবার বেলা আড়াইটার দিতে স্থানীয় তেলিপাড়া জামে মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে।
সলিল সমাধি হওয়া কিশোরী মিসকাত আকতার (১২) ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়া এলাকার মো. হাফেজের মেয়ে ও ছোটমহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এই ঘটনায় তার ছোটবোন শারমিন আকতার (৭) বিপদাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মিসকাতের বাবা মো. হাফেজ জানান, শুক্রবার হওয়ায় দুই বোন কাপড় ধুতে স্থানীয় মসজিদের পুকুরে যায়। এসময় গোসল করতে নেমে ডুব দিয়ে অনেকক্ষণ ডুবে থাকে ছোটবোন শারমিন আকতার। এতে সন্দেহ হওয়ায় তাকে উদ্ধারে ওই স্থানে ডুব দেয় বড়বোন মিসকাত আকতার। সে ডুব দেয়ার কিছুক্ষণ পর ছোটবোন শারমিন অজ্ঞান অবস্থায় ভেসে উঠে। তবে মিসকাত ডুবে থাকে। এক পর্যায়ে খবর পেয়ে লোকজন খোঁজ করে মিসকাতকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। অজ্ঞান দুইবোনকে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বড়বোন মিসকাতকে মৃত ঘোষণা করেন। তবে ছোটবোন শারমিন বেঁচে আছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ছোটমহেশখালী ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলী বলেন, ঘটনাটি শুনেছি, খুবই মর্মান্তিক। এই মৃত্যু নিয়ে স্থানীয়রা পুকুরে অশুভ কিছুর উপস্থিতি রয়েছে বলে মন্তব্য করছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মিসকাতের পরিবারকে সহায়তা দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
ইত্তেফাক/কেকে