মিরপুরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচাবাজারের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রোমান নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আল আমিন নামের আরেক যুবক আহত হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রোমানের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আহত আল আমিনের বাবার নাম রতন। তাদের বাসা মিরপুর ৬ নম্বর সেকশনের ঝিলপাড় এলাকায়।

মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির জানান, এ ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, অভ্যন্তরীণ কোন্দল থেকে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। হাসপাতালে আল আমিনের বন্ধু মিজানুর রহমান জানান, আল আমিন মিরপুর ৬ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তিতে থাকেন। ১০ নম্বর সেকশনে ফুটপাতে খোলা তেল বিক্রি করেন। দুপুরের দিকে তারা দুই বন্ধু মিরপুর ৬ নম্বর সেকশন থেকে ১০ নম্বর সেকশনের দিকে যাচ্ছিলেন। ৬ নম্বর সেকশনের কাঁচাবাজারের সামনে পৌঁছলে অতর্কিতভাবে কয়েকজন যুবক আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার সৈয়দ মামুন মোস্তফা বলেন, স্থানীয় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এক গ্রুপের সদস্যরা অপর গ্রুপের সদস্যদের রডসহ লাঠিসোটা দিয়ে মারধর করে। নিহত রোমানের বুকে রড দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার তদন্তসহ জড়িতদের আটকের চেষ্টা চলছে।