জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, শহীদের স্মরণে নীরবতা পালন, বিশেষ দোয়া ও কাঙ্গালি ভোজ, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।
শনিবার সকাল সোয়া ৭টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আওয়ামীলীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসকল আয়োজনে অন্যদের মধ্যে জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সিনিয়র সহসভাপতি শিল্পপতি শামিম হক, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব আইভি মাসুদ উপস্থিত ছিলেন।
এছাড়াও দুপুরে শহরের বিভিন্ন স্থানে কাঙ্গালি ভোজ এবং মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এমআরএম