‘বিপুল পরিমাণে করোনা টিকার উৎপাদনে যেতে প্রস্তুত ভারত’

ব্যাপকভাবে করোনা ভাইরাসের টিকা উৎপাদনে যেতে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। বিজ্ঞানীরা এনিয়ে সবুজ সংকেত দিলেই উৎপাদন শুরু হবে। 

শনিবার ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে এক ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে ৩টি করোনা ভাইরাস প্রতিরোধকারী ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পরীক্ষা চলছে। এগুলো সফল হলে যাতে প্রত্যেক ভারতীয় এই টিকার সুবিধা পান তার জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করে রাখা হয়েছে। 

তিনি আরো বলেন, ‘বিজ্ঞানীরা এনিয়ে সবুজ সংকেত দিলেই আমরা এর উৎপাদন শুরু করবো। তবে তার আগে আমরা এ বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা করে প্রস্তুত হয়ে থাকছি।’

জাতীয় ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘প্রত্যেক ভারতীয় এবার একটি করে স্বাস্থ্য আইডি কার্ড পাবেন। যতবার আপনি কোনও চিকিৎসক বা কোনও ওষুধের দোকানে যাবেন, ততবারই আপনার প্রোফাইলে থাকা এই জাতীয় কার্ডটিতে সমস্ত বিষয়গুলো নথিভুক্ত করা হবে। এই কার্ডটির ফলে আপনার নিজের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের জন্য চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ওষুধ গ্রহণের পরামর্শ পর্যন্ত সব কিছুই আপনার স্বাস্থ্য প্রোফাইলে নথিভুক্ত হয়ে যাবে।’ খবর: এনডিটিভি

ইত্তেফাক/জেডএইচ