নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, যে কোনও বিষয়ে কারও মন্তব্য সহ্য করতে না পারার ক্ষমতা আসলে খুবই বিপজ্জনক একটা ব্যাপার। এ ধরনের ঘটনা মানুষের বিচার বিবেচনার ক্ষমতাকে নষ্ট করে দেয়। এ প্রতিক্রিয়া ব্যক্ত করার মধ্য দিয়ে অভিনেতা নাসিরুদ্দিন শাহের সমর্থনে এবার এগিয়ে এলেন নোবেলজয়ী অর্থ-নীতিবিদ অমর্ত্য সেন। খবর আনন্দবাজার পত্রিকা
ভারতে অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আক্রোশের মুখে পড়েছিলেন অভি-নেতা নাসিরুদ্দিন শাহ। এ অভি-নেতার পাশে দাঁড়িয়ে অমর্ত্য সেন বললেন, অভিনেতাকে অহেতুক যে বিরক্ত করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। দেশে এ মুহূর্তে যা চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখনই এ সব বন্ধ হওয়া দরকার। একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার কলকাতায় এসেছিলেন অমর্ত্য সেন। আর সেখানেই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৮৫ বছর বয়সী এ অর্থনীতিবিদ।
গত মাসে উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক পুলিশ অফিসারের হত্যার পর মুখ খুলেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সে ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভের সুরে নাসির বলেছিলেন, এ দেশে তার সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তা হয়! একই সঙ্গে তিনি বলেছিলেন, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে— তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয় না। এ দেশে তো দেখছি এখন একজন নিহত পুলিশ অফিসারের থেকে গরুর গুরুত্ব অনেক বেশি। অভিনেতার এমন মন্তব্যের কারণে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে তাকে পড়তে হয়েছিল। এমনকি ৬৮ বছর বয়সী এ অভিনেতাকে একটি সাহিত্য উত্সবে যোগদান করতেও দেওয়া হয়নি।