বাণিজ্য বৈঠকের মধ্যেই দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ

রয়টার্স

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনার মধ্যেই দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে দিয়ে ভেসে বেড়াল ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মার্কিন যুদ্ধজাহাজ। এ ঘটনাকে ‘উস্কানি’ বলে উল্লেখ করে সেখানে সামরিক জাহাজ ও বিমান পাঠিয়েছে চীনা কর্তৃপক্ষ।

ই-মেইলে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর একজন মুখপাত্র র্যাচেল ম্যাকমার ‘সমুদ্রবিষয়ক মাত্রাতিরিক্ত দাবিকে চ্যালেঞ্জ করতে’ যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাকক্যাম্পবেলের ‘নৌ-চলাচলের স্বাধীনতা’ নামে একটি মহড়া পরিচালনার কথা জানান। যুদ্ধজাহাজটি বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপ সারির ১২ নটিক্যাল মাইলের মধ্যদিয়ে ভেসে বেড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এটাও বলেন, অভিযানটি কোনো দেশকে নিয়ে অথবা কোনো রাজনৈতিক বক্তব্য তৈরি করতে চালানো হয়নি।

গতকাল সোমবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-চীন বহুল আলোচিত বাণিজ্য বৈঠকের মধ্যেই বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে মার্কিন যুদ্ধজাহাজের এই উপস্থিতি সহজভাবে নেয়নি চীন। দেশটির পক্ষ থেকে এ ঘটনাকে ‘উসকানি’ হিসেবে উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, মার্কিন যুদ্ধজাহাজের এই মহড়া চীনা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি আরো বলেন,‘জরুরি ভিত্তিতে এই ধরনের উস্কানি থামাতে আমরা যুক্তরাষ্ট্রকে আহবান জানাই।’ মার্কিন যুদ্ধজাহাজকে সনাক্ত ও সতর্ক করতে চীন সেখানে সামরিক জাহাজ ও বিমান পাঠিয়েছে বলেও তিনি জানান।

 

০