আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভাকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে ১৪ দলের পক্ষ থেকে তিনি এ অভিনন্দন জানান। বিবৃতিতে মোহাম্মদ নাসিম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রার প্রতি যে আস্থা জ্ঞাপন করেছে, নতুন মন্ত্রিপরিষদের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন সফলভাবে রূপায়িত হবে। গত ১০ বছর যাবত্ জনগণের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতার সঙ্গে যেভাবে সরকার পরিচালিত হয়েছিল আগামীতেও তা অব্যাহত থাকবে বলে মোহাম্মদ নাসিম আশাবাদ ব্যক্ত করেন।