পিরোজপুর অফিস
নাশকতা চেষ্টার অভিযোগে মঠবাড়িয়া থানা পুলিশের দায়ের করা ৩টি মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্প্রতিক সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী রুহুল আমিন দুলালসহ ২২ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে পিরোজপুর জেলা দায়রা জজ আদালত। উচ্চ আদালত থেকে আগাম জামিনের সময় শেষ হওয়ায় নেতাকর্মীরা গতকাল সোমবার দুপুরে পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোঃ আব্দুল মান্নান জামিনের আবেদন না মঞ্জুর করেন। জেলা জজ আদালতের পিপি খান মোঃ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্ছাল করার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া ৮ নভেম্বর মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক শওকত হোসেন বাদি হয়ে অনুরূপ অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৬০ জন অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। উচ্চ আদালত বিচারপতি রুহুল আমীন দুলালসহ এ ২২ নেতাকর্মীকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন।