শোক সংবাদ

শেখ আব্দুল হালিম

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শেখ আব্দুল হালিম (৮৫) গতকাল সোমবার সকালে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন) । তিনি স্ত্রী, ৫ কন্যা ও ৩ ছেলে রেখে গেছেন। বাদ আসর টুঙ্গিপাড়া উপজেলা সদরের গিমাডাঙ্গা ঈদগাহ ময়দানে জানাজা শেষে গিমাডাঙ্গা পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুর খবর শুনে সকাল ১০টার দিকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের সান্ত্বনা দেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। 

রুস্তম আলী শেখ

গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানীর পিতা রুস্তম আলী শেখ ওরফে রুস্তম তহশীলদার (৮৭) সোমবার সকালে ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।