ডেমরায় এক বাসার খাটের নিচে দুই শিশুর লাশ

রাজধানীর ডেমরার কোনাপাড়ার প্রতিবেশীর বাসার একটি কক্ষের খাটের নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত পৌনে ১০টায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। নিহত দুই শিশুর নাম নুসরাত (৪) ও ফারিয়া আক্তার দোলা (৫)। লাশ উদ্ধারের সময় দোলার শরীরে কোন কাপড় ছিল না। 

ডেমরা থানার কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু হায়াত জানান, ডেমরার শাহজালাল রোডের রুস্তম আলীর সাত তলা ভবন ‘নাসিমা ভিলা’র নিচ তলার একটি কক্ষ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করছে পুলিশ। ওই বাসার পাশেই শিশু দুটির বাসা। তারা সকালে এক সঙ্গে খেলতে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিল শিশু দুটি। তিনি আরও জানান, তাদের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। রাতে খুঁজতে খুঁজতে ওই বাসাটিতে লাশ পাওয়া যায়। লাশ দুটি খাটের নিচে রাখা ছিল। একটি শিশুর উপরে আরেকটি শিশুর লাশ ছিল। তবে ঘটনার পর থেকে ওই বাসার গৃহকর্তা মোস্তফা পলাতক রয়েছে।

ডেমরা থানার পরিদর্শক নূরে আলম সিদ্দীক বলেন, সকাল থেকে শিশু দুটি নিখোঁজ থাকায় তাদের জন্য এলাকায় মাইকিংও করা হয়। কীভাবে শিশু দুটি মারা গেল, তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। নূরে আলম বলেন, যার বাসায় লাশ পাওয়া গেছে, সেই গৃহকর্তা মোস্তফা রাজমিস্ত্রীর কাজ করতেন। তিনি মাদকসেবী বলে এলাকার মানুষ পুলিশকে জানিয়েছে। তার স্ত্রী এবং ৫ বছরের ছেলেকে নিয়ে ওই বাসায় থাকেন তিনি। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা নূরে আলম জানান।

শিশু দুটি ওই এলাকায় তাদের নিজ পরিবারের সঙ্গেই থাকতো। নুসরাতের বাবার নাম পলাশ ও দোলার বাবার নাম ফরিদুল।