বাংলাদেশে পাচারের সময় দুটি বিরল পাখি উদ্ধার করল বিএসএফ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বাংলাদেশে পাচারের সময় এক জোড়া বিরল পাখি উদ্ধার করেছে বিএসএফ। গোয়েন্দাদের থেকে পাখি পাচারকারীদের খবর পেয়েই সীমান্তে কড়া নজর রেখেছিলেন বিএসএফের জওয়ানরা।

এনডিটিভির খবরে বলা হয়, উদ্ধার হওয়া ওই দুইটি পাখির মূল্য ১৪ লাখ ২১ হাজার টাকা। টাউকান প্রজাতির ওই পাখিদুটি বাংলাদেশে পাচার করতে পারলেই পাচারকারীদের হাতে আসতো ওই মোটা অঙ্কের টাকা। 

খবরে বলা হয়, পাখি দুটিকে উদ্ধার করে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 

বিএসএফের এক বিবৃতিতে জানানো হয়, খবর পেয়ে সতর্ক অবস্থানে ছিল বিএসএফ। আংরাইলের হালদার পাড়া গ্রামের জঙ্গলের মধ্যে চিরুণী তল্লাশি শুরু করেন তারা। তখনই বেগতিক দেখে ঝোপঝাড়ের মধ্যেই পাখি দুটোকে রেখে পালিয়ে যায় পাচারকারীরা। তবে পাচারকারীদের সন্ধান চলছে বলে জানায় বিএসএফ।

বিএসএফ জানায়, ভোর ৬টা ৪৫ নাগাদ বিএসএফের একটি দলের নজরে আসে জঙ্গলের মধ্যে বাঁশঝাড়ের আড়ালে ঘাপটি মেরে আছে দুই সন্দেহভাজন ব্যক্তি। বিএসএফের জওয়ানরা তাদের তাড়া করলেই পাখিসুদ্ধ খাঁচা ফেলে পালিয়ে যায় তারা।

জানা যায়, কিল-বিল্ড টাউকান নামের উদ্ধার হওয়া ওই পাখি দুটি বিরল প্রজাতির, এই প্রজাতির পাখি কোনও কোনও জায়গায় আবার সালফার-ব্রেস্টড টাউকান বা রেইনবো বিলড টাউকান নামেও পরিচিত। এই পাখিগুলোকে মূলত লাতিন আমেরিকায় পাওয়া যায়। এটি বেলিজের জাতীয় পাখি। পাখিগুলোকে দক্ষিণ মেক্সিকো থেকে কলম্বিয়া পর্যন্ত বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায়।


ইত্তেফাক/আরআই