রাখাইনে ফের সামরিক অভিযান শুরু

মিয়ানমারের রাখাইনে আবারও সামরিক অভিযান শুরু করেছে করেছে সেনাবাহিনী। রাখাইনে গত সপ্তাহে চার পুলিশ স্টেশনে বিদ্রোহীদের হামলার পর এই সেনা অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার সরকার। খবর চ্যানেল-নিউজ-এশিয়ার।

শুক্রবার আরাকান আর্মির হামলায় রাখাইনে ১৩ পুলিশ সদস্য নিহত হয়। এর আগে থেকেই সশস্ত্র হামলা জোরদার করে বৌদ্ধ ও মুসলিম বিদ্রোহীরা।

মিয়ানমার সরকারের নেত্রী অং সান সু চি সোমবার এ বিষয়ে সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতয়ে জানান, বিদ্রোহীদের দমন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে সু চি’র প্রশাসন।

সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সেনাপ্রধান মিন অং হ্লেইং, তার উপপ্রধান এবং সেনা গোয়েন্দাপ্রধানসহ সামরিক নেতাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক আলোচনার জন্য বৈঠক করেছেন বলেও জানান হতয়ে।

এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র হতয়ে আরও বলেন, প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামরিক বাহিনীকে সন্ত্রাসীদের দমন করার জন্য অভিযান শুরুর নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ বলিউডে ক্যান্সারের থাবা, এবার আক্রান্ত রোশন পরিবারও

জাতিসংঘের হিসাবে ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী অভিযান শুরু করলে সাত লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

ইত্তেফাক/টিএস