২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করতে কাজ করেছিল রাশিয়া। দেশটি ট্রাম্পকে সহায়তা করতে পল ম্যানাফোর্ট এবং উইকিলিকসকে ব্যবহার করেছিল। গতকাল মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির পঞ্চম এবং চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের
রিপোর্টে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির ট্রাম্পকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উইকিলিকস। প্রতিষ্ঠানটি জানত যে তারা রুশ গোয়েন্দা সংস্থাকে সহায়তা করছেন।
প্রমাণ পাওয়া গেছে যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কম্পিউটার নেটওয়ার্ক এবং ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টস ও হিলারি ক্লিনটনের প্রচারণা সম্পর্কে তথ্য পাওয়া যায় এমন ওয়েবসাইট হ্যাক করতে সরাসরি নির্দেশ দিয়েছিলেন।
সিনেট প্যানেল জানিয়েছে, ট্রাম্পের নির্বাচনি প্রচারণা কমিটির তত্কালীন প্রধান পল ম্যানাফোর্ট রাশিয়ান বিশেষ করে ধনকুবের ওলেগ ডেরিপাস্কা এবং রুশ গোয়েন্দা কর্মকর্তা কনস্ট্যানটিন ক্লিমনিকের সঙ্গে নির্বাচনের আগে এবং পরে বৈঠক করেছেন। প্যানেল তাদের প্রতিবেদনে আরো জানায়, পল ম্যানাফোর্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ায় রুশ গোয়েন্দা সংস্থার সুবিধা হয়েছিল। কারণ বিভিন্ন তথ্য বিনিময় করা সহজ হয়েছিল।