ভারতের পশ্চিমবঙ্গে ১২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এ ঘটনা ঘটে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার এটি চতুর্থ ঘটনা।
নিহত ব্যক্তির নাম দিলীপ রায়। পুলিশের দাবি, তাকে গ্রেপ্তারের জন্য একটি দল অভিযানে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন দিলীপ। পরে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, গত চার দিন ধরে দিলীপকে খুঁজছিল তারা। এর আগে কুলিক নদীর কাছের একটি জঙ্গল থেকে ওই কিশোরীর বিবস্ত্র ও আংশিক পচে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেয়েটি। দুই দিন পর জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের এক কর্মকর্তা জানান, কুলিক নদী দেখানোর কথা বলে দিলীপ তার ভাতিজিকে জঙ্গলে নিয়ে গিয়েছিলেন। সেখানেই তাকে ধর্ষণ ও হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, সোমবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের সীমান্তবর্তী বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্তসংলগ্ন পারাপুকুর এলাকায় দিলীপের অবস্থান শনাক্ত করা হয়। পুলিশের একটি দল সেখানে গেলে তিনি গুলি চালান। তাঁর ছোড়া একটি গুলি পুলিশের গাড়ির চাকায় লাগে। পরে পুলিশ পাল্টা গুলি চালায়।
দিলীপের আদি বাড়ি ঝাড়খন্ডে। পুলিশের ধারণা, তিনি বিহার সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন।
এর আগে গত জুলাইয়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের দাবি ছিল, অপরাধের দৃশ্য পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নেওয়ার সময় তিনি এক পুলিশ সদস্যের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান। পরে পুলিশ পাল্টা গুলি চালায়।
এ ছাড়া গত ২৭ অক্টোবর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হন। একই দিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপির এক কর্মীকে হত্যার মামলায় গ্রেপ্তার সামাউল হকও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নিতে পারবে। পূর্ব মেদিনীপুরের দীঘায় সাংবাদিকদের তিনি বলেন, ‘পুলিশ কি সব আসামিকে গুলি করে? কেউ পুলিশের ওপর হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেয়।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ধর্ষণ, হত্যা, মাদক পাচার ও বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। এসব ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না বলেও জানান তিনি।
পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষও বলেছেন, আইন ভঙ্গকারীদের পুলিশের মুখোমুখি হতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
