এখনো সূচিই চূড়ান্ত করেনি শ্রীলঙ্কা

আমরা তো নিশ্চিত যে আমরা যাচ্ছি—বক্তার নাম আকরাম খান। শ্রীলঙ্কা সফর নিয়ে গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যানের দেওয়া এই তথ্যটুকু নির্ভেজাল ও সত্য। কারণ এটুকু নিশ্চিত সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে মুমিনুল হকের দল।

এর বাইরে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের আর কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড সিরিজের সূচিই চূড়ান্ত করেনি এবং চূড়ান্ত সূচি পাঠায়নি বিসিবির কাছে। তাই সফরসংক্রান্ত বিষয়ে প্রতিদিনই মিডিয়াকে নানারকম বিক্ষিপ্ত তথ্য দিয়ে যাচ্ছেন বিসিবির কর্তারা। গতকাল যেমন আকরাম খান শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরুর বিষয়ে তিনটি তারিখের কথা বলেছেন। বিসিবির এই পরিচালক ২১, ২৩, ২৪ সেপ্টেম্বর ক্যাম্প শুরু হতে পারে বলে জানিয়েছেন।

এসএলসি চূড়ান্ত কিছুই জানাচ্ছে না বলে বিসিবির পরিকল্পনায় বারবার পরিবর্তন আসছে। প্রাথমিকভাবে ক্যাম্প শুরুর কথা ছিল ১০-১২ সেপ্টেম্বর। নতুন তথ্য ২০ সেপ্টেম্বরের আগে শুরু হবে না ক্যাম্প। জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় আসবেন ২ সেপ্টেম্বর। থাকবেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে। ডমিঙ্গো আসার পরই ক্যাম্প শুরুর দিনক্ষণ ঠিক হবে।

কোয়ারেন্টাইন নিয়েও ধোঁয়াশায় আছে বিসিবি

শ্রীলঙ্কায় গিয়ে কত দিন কোয়ারেন্টাইন করতে হবে তা এখনো জানে না বিসিবি। গতকাল আকরাম খান বলেছেন, ‘ওরা আসলে দুই ধরনের কথা বলছে। আমরা হয়তো কিছু দিনের মধ্যে চূড়ান্ত হতে পারব। এক বার বলছে ১৪ দিন, আবার বলছে দুই তিন দিন। সুতরাং এটা নিয়ে কনফিউশনে আছি।’

করোনা পরীক্ষা

মুমিনুল-মুশফিকদের করোনা পরীক্ষা প্রথমবার হবে ১৮ সেপ্টেম্বর। আকরাম খান বলেছেন, ‘আমরা এখানে ১৮ তারিখ এক বার করব, ২১ তারিখ এক বার করব এবং যাওয়ার আগে এক বার করব। সেখানে গিয়েও করবে, যতটুকু শুনলাম শ্রীলঙ্কা বোর্ডও ঘনঘন টেস্ট করাবে।’

প্রস্তুতি ম্যাচও থাকছে

লঙ্কা সফরের জন্য প্রাথমিক দলে অন্তত ২০ ক্রিকেটার সুযোগ পাবেন। কলম্বো গিয়ে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আকরাম খান বলেছেন, ‘দল আমরা ১০-১৫ তারিখের মধ্যে দিয়ে দেব কারণ সংখ্যাটা আমরা বাড়াব ২০-২২ জন। এর মধ্যে সবশেষ যারা খেলেছে তারা তো থাকবেই। এ ছাড়া শ্রীলঙ্কায়, ওয়ার্ম আপ ম্যাচ খেলব তিন-চারটি। সেখানেও নির্বাচকদের অপশন থাকবে।’

তবে লঙ্কা সফরে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিসিবি। এসএলসি সিরিজের সূচি জানানোর পর টেস্ট সিরিজ শুরুর সময় ধরে ঠিক এক মাস আগে লঙ্কা যাবে বাংলাদেশ দল।