চোটের সর্বশেষ অবস্থা জানালেন সাদ উদ্দিন 

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২১:০৮

সাফ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এই ম্যাচেই চোট পান ডিফেন্ডার সাদ উদ্দিন। যার কারণে চলমান সাফে তার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 

বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে। তার এমআরআই করা হয়েছে, রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাফুফের দেওয়া এক ভিডিও বার্তায় চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন সাদ। তিনি বলেন, ‘গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে মাঠে ছাড়তে বাধ্য হই আমি। তবে আমি খুশি যে, আমরা ম্যাচটা ৪-০ তে জিততে পেরেছি। আমি এমআরআই করিয়েছি, তবে এখনো রিপোর্ট পাইনি।’ 

চলমান সাফে আর খেলতে না পারলেও দলকে সাপোর্ট দেবে জানিয়ে সাদ বলেন, ‘পরবর্তী ম্যাচগুলো যদি না খেলতে পারি তাহলে বাইরে থেকেই দলকে সাপোর্ট দেব। আমাদের লক্ষ্য সাফ জেতা, আমরা জিতবো ইনশাল্লাহ, আমার এবং আমার দলের এই বিশ্বাস আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন, খুব তাড়াতাড়ি আপনাদের সুস্থ হয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি।’ 

ইত্তেফাক/জেডএইচ