বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সেবা (ওএসএস) বা এক জায়গায় সকল সেবা দেওয়ার জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বর্তমানে ১১টি সেবা প্রদান করা হচ্ছে। এগুলো হচ্ছে ভূমির ইজারা, প্রকল্প ক্লিয়ারেন্স, ভিসা সুপারিশ, ওয়ার্ক পারমিট, আমদানি পারমিট, রপ্তানি পারমিট, ভিসা সহযোগিতা, স্থানীয় ক্রয়/বিক্রয়, নমুনা আমদানি ও রপ্তানি। এছাড়া ডিসেম্বরের মধ্যে আরো ৩টি সেবা ওএসএস এর মাধ্যমে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী বছর মার্চের মধ্যে পূর্ণাঙ্গভাবে এক দরজায় বিনিয়োগকারী সব সুবিধা পাবেন। অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সুবিধা বিষয়ে এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
গতকাল রাজধানীর একটি হোটেলে বেজা ও জাইকার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান, জাইকার সিনিয়র প্রতিনিধি ইয়োসিবুমি বিতো, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডেইসুক আরাই এবং জাপান বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাহউদ্দিন কাশেম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম আজাদ বলেন, আগামী বছরের মার্চ হতে এ সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ এক নতুন যুগে পদার্পণ করবে। আধুনিকতা ও গতিশীলতা নিশ্চিত করে বিনিয়োগকারীকে সর্বোচ্চ সেবা প্রদান করা হবে। সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের জন্য ইতোমধ্যে কেন্দ্রীয় ভাবে ওএসএস সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। এ সেন্টার হতে সকল সেবা একই সঙ্গে প্রদান করা হবে যেখানে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিযুক্ত থাকবেন। চলতি বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে ওএসএস আইন পাস হয়। সেবা চালু হওয়ার পর হতে এ যাবত্ ৩১টি প্রকল্প ক্লিয়ারেন্স, ১৭৬টি আমদানি পারমিট, ৪৬৯টি রপ্তানি পারমিট, ১১৩টি ভিসা সহযোগিতা এবং ৩টি ওয়ার্ক পারমিট অনুমোদনে সহযোগিতা করা হয়েছে।