এ বছর ওয়েব সিরিজের জনপ্রিয়তা আরো বাড়বে:অর্ষা

 

দেশের গণমাধ্যমে ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। টিভি দর্শক দিনদিন কমছে। তবে অন্যদিকে ইউটিউব ও অনলাইম স্ট্রিমিং প্লাটফর্মের জনপ্রিয়তা বাড়ছে। সেই স্রোতের অনুকূলে রয়েছেন শোবিজের অনেক জনপ্রিয় তারকা। শুধু ছোটপর্দা নয়, বড়পর্দার অনেকেই এখন ওয়েব সিরিজ করছেন। তবে সংখ্যাটা কম। যদিও বলিউড বা হলিউডের অনেক বড় তারকাদের এখন বড় বাজেটের ওয়েব সিরিজে দেখা যায়। সেই চর্চাটা আমাদের এখানে এখনো তৈরি না হলেও শিগগিরই হয়তো এমনটা আমাদের শোবিজেও দেখা যাবে। ছোটপর্দার জনপ্রিয় মুখ নাজিয়া হক অর্ষা। এবার ওয়েব সিরিজ অভিনয় করছেন তিনি।

‘দ্বিতীয় কৈশোর’ নামের এই সিরিজে তিনি অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো আর তাহসানের বিপরীতে। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন শিহাব শাহীন। চলতি সপ্তাহ থেকে উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। সিরিজটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। বায়োস্কোপ অরিজিনালসের ওয়েবসাইটে শিগগিরই এটি প্রচার হবে।

এ প্রসঙ্গে অর্ষা বলেন, ‘ওয়েব সিরিজের জনপ্রিয়তা আমাদের এখানে বাড়ছে। আর এ বছর ওয়েব সিরিজের জনপ্রিয়তা আরো বাড়বে। গল্পগুলোও বেশ ভিন্ন। দ্বিতীয় কৈশোর-এর গল্পের প্রেমে পড়েছি। এছাড়া প্রথম ওয়েব সিরিজের কাজ হিসেবে আমি সন্তুষ্ট।’

ওয়েব সিরিজের পাশাপাশি অর্ষা চলতি সময়ে ছোটপর্দার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।