শীর্ষ সন্ত্রাসী জহিরুলসহ দুই সহযোগী আটক

আড়াইহাজার থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদকব্যবসায়ী, একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে ঝইক্কাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের সুলপানদি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহিরুল ওই গ্রামের হাফেজ মোল্লার ছেলে। পুলিশ এই সময় তার দুই সহযোগিকেও গ্রেফতার করে। এরা হলেন- সোনারগায়েঁর মোতাহারের ছেলে বাকির (৩০) ও  একই এলাকার অনুকুলের ছেলে মিঠু (৩৫)। 

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীম জানান, জহিরুল দীর্ঘ দিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে আড়াইহাজার উপজেলার সুলপানদী, মারুয়াদী, নরিংদী, লস্করদীসহ গোটা উপজেলায় ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি এবং সন্ত্রাসী ও ডাকাতির কার্যক্রলাপ করে আসছিল। যার ফলে ধ্বংস হতে চলছে যুব ও তরুণ সমাজ।

এই সকল অভিযোগের কারণে গোপনে খবর পেয়ে এসআই গাজী শামীম, এসআই শফিকুল ইসলাম ও এএস আই আশারাফুল ইসলাম একদল পুলিশ নিয়ে তার বাড়ি ঘেরা করে ফেলে। এ সময় পুলিশ তাকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ  ৪টি মামলার ওয়ারেন্টসহ মোট ৭টি মামলা রয়েছে। তাছাড়া ও স্বারাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপিসহ বিভিন্ন স্থানে ৫টি অভিযোগ রয়েছে। এদিকে জহিরুলকে গ্রেফতারের খবর পেয়ে শনিবার সকাল থেকে ২০জন ভুক্তভোগী থানায় এসে বিভিন্ন অভিযোগ দায়ের করেন।

আবুল কাশেম নামের একজন জানান, তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। থানার একজন দারোগার উপরও হামলা করে কুখ্যাত ডাকাত জহিরুল। জহিরুলকে গ্রেফতারের ফলে জনমনে স্বস্থির ফিরে এসেছে।

ইত্তেফাক/আরকেজি