খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড!

আইপিএল আয়োজন ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা বড় চ্যালেঞ্জই ছিলো। দেশ বা বিশ্বের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আইপিএল হবেই। বিসিসিআই জানিয়েছিল, আইপিএল না হলে চার হাজার কোটি টাকা ক্ষতি হত। তা ছাড়া বহু মানুষের রুজি-রোজগার জড়িয়ে রয়েছে আইপিএলের সঙ্গে। তাদেরকেও সমস্যায় পড়তে হতো। নিজ দেশে না হলেও বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। এমন পরিস্থিতিতে বোর্ড কর্তাদের অনেকের মুখেই হাসি ফুটেছে। 

কর্তারা হাসলেও বিসিসিআই কর্মীদের কপালে চিন্তার ভাঁজ। কারণ বিসিসিআই নাকি এবার কর্মীদের বেতন হ্রাস ও ছাঁটাইয়ের পথে হাঁটছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আইপিএলের সাফল্যের উপর অনেক কিছু নির্ভর করছে। এমনিতেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে কর্মী ছাঁটাই করেছে। এমনকি কিছু কর্মীর বেতন কমানো হয়েছে। তবে করোনার আবহে বিসিসিআই এখনও সেই পথে হাঁটেনি। তবে বোর্ডের এক কর্তা ব্যক্তি জানিয়েছেন, এবার তাঁরা স্রোতে গা ভাসাতে পারেন। কারণ, আইপিএলের স্পন্সরদের থেকে এবার এমনিতেই ২০০ কোটি টাকা কম আসছে। তার উপর মাঠে ভিড় হবে না। অন্যবারের তুলনায় এবার আইপিএল থেকে বোর্ডের উপার্জন তেমন হবে না।

বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল আগেই জানিয়েছিলেন, এবার তাঁরা খরচ কমাবেন। আর তাই বোর্ড কর্তা ও ক্রিকেটারদের সফরে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। আরও বেশ কিছু জায়গা থেকে খরচ কমানোর কথা ভাবছেন তাঁরা। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এতদিন পর্যন্ত তাঁরা কোনও আলোচনায় কর্মী ছাঁটাই বা বেতন হ্রাস নিয়ে আলোচনা করেননি। তবে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কর্মী ছাঁটাই বেতন হ্রাস করতে পারে বিসিসিআই।  

ইত্তেফাক/এসআই