বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টা করছেন তামিম 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮:২৯

ভারতের সঙ্গে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচের পাশাপাশি নক আউট পর্বের একাধিক ম্যাচসহ বাংলাদেশের মাটিতে একটি সেমিফাইনাল আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। 

রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, ‘২০৩১ বিশ্বকাপ বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে হবে, সেটা আগেই ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তও অনেক আগের। এখানে আমার বা আমার বোর্ডের কোনো অবদান নেই। তবে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং আইসিসিকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি, এটা করতে পারব। আমি খুবই আশাবাদী, বাংলাদেশে অন্তত একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা সম্ভব হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচসংখ্যা বাড়ানোর বিষয়েও আশাবাদী তামিম। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে এ নিয়ে আলোচনা করছি। সময়ের সঙ্গে যখন আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, তখন আপনারা জানতে পারবেন। আমি খুবই আশাবাদী, বাংলাদেশে অবশ্যই গ্রুপ পর্বের ম্যাচ হবে এবং আগের তুলনায় বেশি ম্যাচ হবে। তবে আমরা যদি একটি সেমিফাইনাল আয়োজনের সুযোগ পাই, তাহলে সেটি আমাদের জন্য দারুণ হবে। এ বিষয়েও আইসিসির সঙ্গে আলোচনা চলছে।’

এর আগে ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সেই আসরে দেশের মাটিতে গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের কোয়ার্টার ফাইনালের ম্যাচও বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল।

ইত্তেফাক/জেডএইচ