‘সঠিক অংশীদারদের’ নিয়ে সেনা প্রত্যাহার

আল জাজিরা

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, সতর্কতার সঙ্গে এবং সঠিক সঙ্গীদের নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে লেখা এক নিবন্ধে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান এরদোয়ান। সোমবার দ্য নিউ ইয়র্ক টাইমসে তার কলামটি প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে এরদোয়ানের পূর্ব-নির্ধারিত সাক্ষাতের আগের দিন তুর্কি প্রেসিডেন্টের লেখা এই কলাম প্রকাশিত হলো। এতে সিরিয়া থেকে আইএসসহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পরাজিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এরদোয়ান। তিনি বলেন, সিরিয়া থেকে সেনা প্রতাহ্যারে ট্রাম্পের সিদ্ধান্ত একটি সঠিক পদক্ষেপ। তবে আন্তর্জাতিক সমপ্রদায় এবং সিরিয়ার জনগণের স্বার্থ রক্ষায় সতর্কতার সঙ্গে এবং সঠিক অংশীদারদের সহযোগিতা নিয়ে এটি কার্যকর করতে হবে। এরদোয়ান বলেন, ন্যাটোতে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সেনা পাঠানো তুরস্ক হচ্ছে একমাত্র দেশ, যার এই কাজ সম্পাদনের শক্তি এবং অঙ্গীকার রয়েছে।

এদিকে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহারে হোয়াইট হাউসের সিদ্ধান্তের সমালোচকদের একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার একটি দূরদর্শী সিদ্ধান্ত। ইতোমধ্যেই উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা থেকে সেনা প্রত্যাহারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সিরিয়া থেকে সরে যাওয়ার পাশাপাশি একইসঙ্গে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। দূরদর্শিতার সঙ্গে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এরই মধ্যে সিরিয়া মার্কিন সেনাদের প্রত্যাহারের আগে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। রবিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সেনা প্রত্যাহার এমনভাবে করা হবে যেন মধ্যপ্রাচ্যে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের অন্য মিত্রদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে ‘পুরোপুরি আশ্বস্ত’ করা যায়। এছাড়া যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহীদের সুরক্ষায় তুরস্কের কাছে নিশ্চয়তাও চেয়েছিলেন মার্কিন নীতি-নির্ধারকরা।