সিবিআই প্রধানের পদে ফিরলেন অলোক বর্মা

 

সুপ্রিম কোর্টে বড় ধরনের ধাক্কা খেল ভারতীয় কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) প্রধান অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। ফলে ফের সিবিআই পরিচালকের পদ ফিরে পাচ্ছেন ‘নির্বাসিত’ অলোক বর্মা। মঙ্গলবার এই রায়ের ফলে অলোক বর্মা আংশিক জয় পেলেন বলেই মনে হচ্ছে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি

গত ২৩ অক্টোবর কেন্দ্রের মধ্যরাতের ওই নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘ওই নির্দেশের মাধ্যমে সিবিআই পরিচালক অলোক বর্মাকে যে অপদস্থ করার চেষ্টা হয়েছিল, তা স্পষ্ট।’ শীর্ষ আদালতের রায়ে পদ ফিরে পেলেও নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না অলোক বর্মা। তার পদ এবং অবস্থান নির্ধারণের জন্য সিলেকশন কমিটিকে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। ওই কমিটিতে রয়েছেন প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা।