এএফপি
ইয়েমেনে যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ বুধবার বৈঠকে হওয়ার কথা রয়েছে। অস্ত্রবিরতি চুক্তির ব্যাপারে জাতিসংঘের ইয়েমেন বিষয়ক দূতের প্রতিবেদন নিয়ে শুনানি করতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনীতিকরা বলছেন, প্রায় চার বছর ধরে চলা ইয়েমেন যুদ্ধের অবসানে এটি জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।
হোদেইদা বন্দর সচল করে অস্ত্রবিরতি জোরদার করার লক্ষ্যে ইয়েমেনের নেতাদের সঙ্গে আলোচনার জন্য জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিত সোমবার সৌদি আরবে যান। গত মাসে সুইডেনে আলোচনাকালে তারা এ ব্যাপারে সম্মত হয়েছিলেন। হুতি বিদ্রোহী যোদ্ধাদের পুনঃমোতায়েন এবং হোদাইদা থেকে জোট সমর্থিত বাহিনীর সৈন্যরা সরে যাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সপ্তাহান্তে বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় বৈঠকের পর জাতিসংঘে এই আলোচনা হবে।
গ্রিফিথ এ মাসের শেষের দিকে নতুন দফার শান্তি আলোচনার জন্য ফের বিভিন্ন পক্ষকে একত্রিত করার আশা করছেন। সেই আলোচনা কুয়েতে হওয়ার সম্ভাবনা রয়েছে। গত জুনে সৌদি আরব ও এর মিত্র দেশের সহযোগিতায় সরকারি বাহিনী এ বন্দর দখলে অভিযান শুরু করার পর ইয়েমেনের এ গুরুত্বপূর্ণ ফ্রন্টে মাসের পর মাস ধরে যুদ্ধ চলে।