চট্টগ্রামে গণপিটুনিতে নিহত সোহেল

পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে গণপিটুনিতে মহিউদ্দিন সোহেল নামে এক যুবকের মৃত্যুর ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছে নিহতের পরিবার। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাবের সওদাগর ও জাতীয় পার্টি নেতা ওসমান খানের সাথে বিরোধের জের ধরে সোহেলকে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন সোহেলের ছোট ভাই মো. শাকিরুল ইসলাম শিশির। তিনি বলেন, মূলত পাহাড়তলি বাজার ও আশেপাশের এলাকাকে সিসি ক্যামেরার আওতাধীন করার উদ্যোগ, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা করার ঘোষণাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডই সোহেলের জন্য কাল হয়ে দাঁড়ায়। এ কারণে তিনি স্থানীয় ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও অনৈতিক ব্যবসায়ীদের রোষানলে পড়েন। তারা সোহেলকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাকে চাঁদাবাজ তকমা দিয়েছে। সোহেলের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ স্ববিরোধী অবস্থান নিয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ সোহেলের পাশে থাকলেও এখন তারা সোহেলের বিরুদ্ধে ভাষ্য দিচ্ছে।      

উল্লেখ্য, গত সোমবার নগরীর পাহাড়তলি রেলস্টেশন এলাকায় গণপিটুনিতে সোহেল। স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ জানায়, সোহেলের চাঁদাবাজিতে অতীষ্ঠ হয়ে ব্যবসায়ী ও শ্রমিকরা তাকে পিটিয়ে হত্যা করে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শওকত বাঙালী, মহিউদ্দিন সোহেলের পিতা আবদুল বারেক, মা ফিরোজা বেগম, স্ত্রী নিগার সুলতানা, দুই ছেলে ফাইয়াজ ও আইয়ানসহ অন্যান্য আত্মীয়-স্বজন ও সাবেক রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।