সীতাকুণ্ডে মাদ্রাসা শিক্ষক খুন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় একটি কলোনিতে গভীর রাতে একদল ডাকাত ঘরে প্রবেশ করে মাদ্রাসা শিক্ষককে খুন করেছে।

জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১২টায় বাড়বকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলওয়ে কলোনিতে রেলওয়ে চাকরিজীবী সরোয়ার হোসেনের ঘরে অচেনা ৭/৮ জন ডাকাত প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে। তারা একপর্যায়ে ডাকাত ডাকাত বলে চিত্কার করলে পাশের রুম থেকে পৌরসদরস্থ আলীয়া কামিল (এমএ) মাদ্রাসার শিক্ষক মো: ইমরান হোসেন বেড়িয়ে এসে ডাকাতদেরকে বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। তবে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। পরে কোনো গাড়ি না পেলেও টহলরত পুলিশের গাড়ি তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, নিহত ইমরান ৩ ভাই ১ বোনের মধ্যে সবার বড় এবং সে ইংরেজি সাহিত্যে অনার্স পাস করে আলীয়া মাদ্রাসায় ইন্টার্নি হিসেবে শিক্ষকতা করে। তার বাড়ি ফেনী জেলার দোলিয়া গ্রামে। এদিকে ঘটনা শুনে সকালে সীতাকুন্ড এডিশনাল এসপি শম্পা রানী শাহ্ ও মডেল থানা ওসি (তদন্ত) মো. আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, অজ্ঞাতনামা কিছু লোক তাকে খুন করে চলে যায় এবং খুনীদের ধরার চেষ্টা চলছে।